নোয়াখালীতে ব্যক্তিগত গাড়ি-সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর-স্টিমার ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চরজব্বর থানার চর আমান উল্যাহ গ্রামের কিরণ চন্দ দাসের ছেলে জুয়েল চন্দ দাস (২৮) ও কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম উদ্দিন (৬০)। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা য়ায়, বেলা আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজারের সংযোগ সড়ক থেকে একটি মোটরসাইকেল আকস্মিক সোনাপুর-স্টিমার ঘাট সড়কের দিকে ওঠে। একই সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি সেখানে পৌঁছলে তিনটি গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল–আরোহী জুয়েল চন্দ দাস ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।