নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় আরেক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাসাবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরও এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই আসামির নাম মো. হেল্লাল (২১)। তিনি উপজেলার ভবানীজীবনপুর গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে।

আজ সোমবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাজী সোনিয়া আক্তার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি মো. হেল্লাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালতের নির্দেশে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেগমগঞ্জ এলাকা থেকে আসামি মো. হেল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে হেল্লালকে আদালতে হাজির করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সূত্র জানায়, হেল্লাল আদালতে দেওয়া তাঁর জবানবন্দিতে হামলা-ভাঙচুরে জড়িত আরও চারজনের নাম–পরিচয় প্রকাশ করেছেন। ওই সব অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে সূত্র জানায়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালতে আসামি নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দেওয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িত আরও চারজনের নাম প্রকাশ করেছেন। এ নিয়ে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় ১২ জন আদালতে স্বীকারোক্তি দিলেন।