নোয়াখালীতে মন্দিরে হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ও ঘাতকদালাল নির্মূল কমিটির ডাকে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা শহরের টাউল হল মোড়ে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ও শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে আয়োজক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহ্বানে মানববন্ধন ও সমাবেশ করেন জেলার চিকিৎসকেরা। বিএমএ জেলা শাখার সভাপতি চিকিৎসক এম এ নোমান, নোয়াখালীর আবদুল মাকেল উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, শাহদাত হোসেন প্রমুখ এতে বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন বিএমএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, ১৫ অক্টোবর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে, দোকানপাটে ও বাড়িঘরে হামলার মধ্য দিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী যে দুঃসাহস দেখিয়েছে, এখনই তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। তা না হলে ভবিষ্যতে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে আরও বড় ঘটনার সংঘটিত করার ষড়যন্ত্র করবে। ওই হামলাই যেন দেশে সাম্প্রদায়িক হামলার সর্বশেষ ঘটনা হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিকে বেলা সোয়া ১১টায় জেলা শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখা ও সার্জেন্ট জহুর-অদুদ স্মৃতি পরিষদ। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ।

বৃহত্তর নোয়াখালী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি জাকির হোসেন, জেলা জজ আদালতের সাবেক পিপি মানছুরুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মমতাজুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন, নাজমুস সাকিব প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পরাজিত শক্তি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তাদের পরিকল্পনা অনুযায়ী সময়ে সময়ে নানা ষড়যন্ত্র করছে। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তাঁরা।