নোয়াখালীতে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে হাতিয়া থানায় মামলাটি করেন। তবে এই মামলায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত রোববার বিকেল সাড়ে চারটার দিকে হাতিয়া পৌরসভার একটি বাড়ির পেছনের বাগান থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর স্বামী ওমানপ্রবাসী।

হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে নিহত গৃহবধূর ভাই মামলাটি করেছেন। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে ওসি মো. আমির হোসেন বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ‘ক্লু’ পাওয়া যায়নি। তবে তাঁরা কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। আশা করছেন দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য জানা সম্ভব হবে।

নিহত গৃহবধূর ভাইয়ের ভাষ্য, তাঁর বোনের আগে একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁর দুটি মেয়ে আছে। আর দ্বিতীয় সংসারের আট বছর বয়সী মেয়ে তাঁর বোনের সঙ্গে ছিল। তাঁর বোনের সঙ্গে প্রতিবেশীদের ঝগড়াবিবাদ আছে। এ নিয়ে কয়েক দিন আগে স্থানীয়ভাবে একটি সালিসও হয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর বোন ও ভাগনিকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলায় তাঁদেরই আসামি করা হয়েছে।