নোয়াখালীতে মিশুক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ব্যাটারিচালিত মিশুক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বাবুল (৩২) নামের মিশুকচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে সোনাইমুড়ী বাজার সড়কের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মিলন দাশ (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মিশুকচালক বাবুল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যেম চরমার্টিং গ্রামের লোকমান মিয়ার ছেলে। উদ্ধারের পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আর নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সোনাইমুড়ী চৌরাস্তা থেকে সোনাইমুড়ী বাজারের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার পথে বাজার সড়কের সিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মিশুক রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিশুকচালক বাবুল ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মিলন দাশ গুরুতর আহত হন। নিহত বাবুল সোনাইমুড়ীর চৌরাস্তার আইডিয়াল স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থেকে মিশুক রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।