নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রবণপ্রতিবন্ধী নিহত, আহত ২
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রবণপ্রতিবন্ধী পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে কবিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুলওয়ালো পোল–সংলগ্ন এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে আহত দুজনের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রবণপ্রতিবন্ধী ইসমাইল হোসেন গতকাল রাত পৌনে নয়টার দিকে চা খেতে বাড়ির পাশের একটি দোকানে যান। রাস্তা পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ইসমাইলকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুই মোটরসাইকেল আরোহীকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, দুর্ঘটনায় শ্রবণপ্রতিবন্ধী ইসমাইল হোসেন নিহত হওয়া ছাড়াও দুই মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।