নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নে লাইট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাফর উল্যাহ (৬৫)।  তিনি চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে জাফর উল্যাহ চরবাটা লাইট হাউসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয়। এতে জাফর উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেল আরোহী তরুণও (২০) গুরুতর আহত হন। পরে আশপাশের মানুষ তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাফর উল্যাহ মারা যান। আহত মোটরসাইকেল আরোহীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পরিবারের লোকজন নিহত ব্যক্তির লাশ বাড়িতে নিয়ে গেছেন। আহত মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।