নোয়াখালীতে শিবমন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের অভিযোগে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নোয়াখালী জেলা শহরের পূর্ব মাস্টারপাড়ার একটি শিবমন্দিরে ঢুকে দুটি মূর্তি ভাঙচুরের অভিযোগে মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক মোসলেহ উদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী গ্রামের আবদুর গফুরের ছেলে।

পুলিশ ও মন্দির এলাকার বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক তরুণ শহরের পূর্ব মাস্টারপাড়া এলাকার শিবমন্দিরে ঢুকে তিনটি মূর্তির দুটি ভেঙে ফেলেন। এরপর তিনি বেরিয়ে এসে মন্দির ভাঙচুর করার কথা চিৎকার করে বলতে থাকেন। তখন আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই তরুণকে বেঁধে রাখেন। বিষয়টি সুধারাম থানায় অবহিত করা হলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার শীল মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘এটি অশুভ শক্তির কাজ। এই শক্তির অপতৎপরতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। রাতেই ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তরুণকে আটক করেছে। এ ঘটনায় মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন মূর্তি ভাঙচুরের খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।