নোয়াখালীতে সহিংসতায় নিহত দুজনের পরিবারকে সাংসদের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করে সংস্কারের জন্য অনুদান দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চৌমুহনীর ইসকন মন্দিরে
প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গত শুক্রবারের সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি মন্দির সংস্কারের জন্যও অনুদান দেন।

আজ বৃহস্পতিবার সকালে সাংসদ একরামুল করিম চৌধুরী চৌমুহনীর ইসকন মন্দিরে গিয়ে নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটান। পরে তাঁদের দুই পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা সহায়তা দেন। পরে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং পাঁচটি মন্দিরে চার লাখ টাকা দেন। সাংসদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা দিয়েছেন।

এ সময় তাঁর সঙ্গে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দীন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হকসহ দলের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাংসদ একরামুল জানান, হামলাকারী যেই হোক, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি এ সময় দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকারও নির্দেশ দেন।

গ্রেপ্তার আরও ৩

এদিকে চৌমুহনীতে মন্দির, বাড়িঘর, দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং দুজন নিহত হওয়ার ঘটনায় হওয়া পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও বিক্ষোভ মিছিলের ভিডিও ফুটেজ দেখে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন বেগমগঞ্জের দুর্গাপুরের মো. গোলাম কিবরিয়া (৩০), হাজীপুরের সাহাদাত হোসেন (৩৪) ও সদর উপজেলার নেয়াজপুরের আনোয়ারুল আজিম (৪০)। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

থানা-পুলিশ জানায়, কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজ শেষে চৌমুহনী শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) এসে একত্র হয়ে হিন্দুদের দোকানপাট, মন্দির, বাসাবাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় বিজয়া পূজামণ্ডপ এলাকায় হামলায় যতন সাহা (৪২) এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাস (২৬) নামের দুজন নিহত হন। আহত হয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান সিকদার, চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বেগমগঞ্জ থানায় আটটি মামলা হয়েছে, এসব মামলায় এজাহারভুক্ত আসামি ২১৯ জন। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১০৭ জনকে, এর মধ্যে এজাহারভুক্ত আসামি ৬৮ জন।