নোয়াখালীতে সেতুর গার্ডারের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ১
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর গার্ডারের নিচে পড়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আলিফ (১৭)। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চৌমুহনী কালাপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইমন (১৯) নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত আলিফ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হরিহরদি গ্রামের আল-আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী কালাপোল এলাকায় নির্মাণাধীন সেতুর একটি গার্ডার একদিকে একটু হেলে যায়। একই সময় আরেকটি গার্ডার নির্মাণ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে শ্রমিকেরা হেলে যাওয়া গার্ডারটি সোজা করার চেষ্টা করেন। একপর্যায়ে গার্ডারটি একদিকে হেলে পড়ে। এতে গার্ডারের নিচে চাপা পড়েন শ্রমিক ইমন ও আলিফ। এ ঘটনায় ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়। আর অপর শ্রমিক ইমন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে গার্ডারের নিচ থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে।
শ্রমিকেরা হেলে যাওয়া গার্ডারটি সোজা করার চেষ্টা করেন। একপর্যায়ে গার্ডারটি একদিকে হেলে পড়ে। এতে গার্ডারের নিচে চাপা পড়েন শ্রমিক ইমন ও আলিফ।
সেতুটি নির্মাণকারী প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রথম আলোকে একজন শ্রমিকের মৃত্যু ও আরেকজনের আহতের ঘটনাটি নিশ্চিত করে এটিকে একটি দুর্ঘটনা বলে দাবি করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, নির্মাণাধীন সেতুর গার্ডারের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাঁরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।