নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে (১৭) দল বেঁধে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন বেগমগঞ্জ উপজেলার আবদুর রহমান (২৮) ও মো. ইব্রাহিম (২২)। তাঁদের আজ দুপুরে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে অনলাইন পরীক্ষার নোট নেওয়ার জন্য বান্ধবীর বাড়ি যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) তুলে নিয়ে দুই যুবক তাকে ধর্ষণ ও মুঠোফোনে সেই ঘটনা ভিডিও করেন বলে অভিযোগ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আবদুর রহমান ও ইব্রাহিমের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার প্রথম আলোকে বলেন, রাতে ছাত্রী তার বাবাসহ থানায় এসে ধর্ষণের অভিযোগ করার পর তাৎক্ষণিক মামলা হয়। আসামিদের ধরতে রাতেই অভিযান শুরু করা হয়। আজ ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।