নোয়াখালীতে সড়কে প্রাণ ঝরল শিশুর, গুরুতর আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেন্টার বাজারের কাছে পাওয়ার টিলারের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. শাকিল (১০)। সে উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে। শাকিলের খালাতো ভাই মো. সাজেদ (১৫) গুরুতর আহত হয়। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজেদের গ্রামের বাড়ি হাতিয়ার চর নঙ্গলিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ বেলা সাড়ে তিনটার দিকে শাকিল ও সাজেদ বাইসাইকেলে করে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিল। সেন্টার বাজার এলাকায় তাদের সাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী পাওয়ার টিলার। এতে ঘটনাস্থলেই শিশু শাকিল মারা যায়। সাজেদ মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন সাজেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাওয়ার টিলারটির চালককে আটক করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলের লাশ উদ্ধার করে। চালক ও পাওয়ার টিলারটিকে থানায় নিয়ে যায় তারা।

সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, চালক ও পাওয়ার টিলারটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।