নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বনদস্যু সর্দার নুরনবী ওরফে নোব্বা চোরা হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কমলার দোকানের কাছে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম মো. ফরিদ সর্দার (৪০)। তাঁর বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। বিকেল সোয়া চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ মে মোহাম্মদপুর ইউনিয়নের নুরনবীকে পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় থানায় করা মামলার প্রধান আসামি হলেন ফরিদ সর্দার। আজ দুপুর ১২টায় ফরিদ সর্দার ও তাঁর সহযোগী চান মিয়াসহ তিনজন একটি মোটরসাইকেলে করে চরক্লার্ক ইউনিয়ন এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলার দোকানের কাছে গেলে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ফরিদ সর্দার ও চান মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় অপরজন পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ফরিদ সর্দার ও চান মিয়াকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় ফরিদ সর্দার মারা যান। আহত চান মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত ফরিদ সর্দার ও চান মিয়া নামের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির প্রায় আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় ফরিদ সর্দার মারা যান। আহত অপরজন এখনো চিকিৎসাধীন।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা নুরনবী হত্যা মামলার প্রধান আসামি ফরিদ ও তাঁর সহযোগী চান মিয়াকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর ফরিদ মারা যান।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে সুবর্ণচরের চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নুরনবীর ছেলেসহ একদল দুর্বৃত্ত ফরিদ ও চান মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে ফরিদ মারা গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তির লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফরিদের ছেলে জয়নাল আবদিন মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁর বাবা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট করেছিলেন। এ কারণে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর লোকজন তাঁর বাবাকে আজ কুপিয়ে হত্যা করেছেন। খুন হওয়া নুরনবীর ছেলেরাও এ ঘটনায় জড়িত। তাঁরা সবাই আনারসের ভোট করেছেন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে নির্বাচনে তাঁর বিপক্ষে ভোট করার কোনো সম্পর্ক নেই। যিনি খুন হয়েছেন, তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি। হত্যার শিকার নুরনবীর ছেলেরাসহ তাঁদের লোকজন আজকের ঘটনার সঙ্গে জড়িত। নির্বাচনে পরাজিত প্রার্থী ষড়যন্ত্র করে এসব প্রচার করাচ্ছেন।