নোয়াখালীতে হত্যা মামলায় দুই ভাই ও দুই ভাগনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে আপন দুই ভাই ও তাঁদের দুই ভাগনেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন আজ বুধবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো. মিলন (৩৫), তাঁর ভাই মো. পলাশ (৩৫) ও তাঁদের দুই ভাগনে একই গ্রামের কাজী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে শেখ ফরিদ (২৭) ও আবদুল মান্নান (২৯)। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চার আসামির মধ্যে পলাশ ছাড়া বাকি তিনজন অনুপস্থিত ছিলেন। তাঁরা পলাতক আছেন। কাঠগড়ায় উপস্থিত পলাশকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ জায়গায় মাটি ভরাট করছিলেন ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির মিলন, তাঁর ভাই পলাশ, দুই ভাগনেসহ অন্যান্য আসামিরা। তখন প্রতিপক্ষ আবুল বাশারের ছোট ভাই মহিন উদ্দিন (৪৪) মাটি ভরাটে বাধা দিলে তাঁরা তাঁকে লোহার শাবল ও পাইপ দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবুল বাশার বাদী হয়ে মিলন, পলাশ, শেখ ফরিদ, আবদুল মান্নানসহ ১৩ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন এবং বাকি নয়জনকে বেকসুর খালাস দেন।