নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার রাতে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার নতুন সাহাজিরহাট বাজার এলাকার আলী আহমদের ঘর থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ কবিরহাট উপজেলার একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপক জুলফিকার হায়দার ওরফে সোহাগকে (৪০) আটক করেছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম চুরি যাওয়া নবজাতককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা নবজাতককে গতকাল রাত একটার দিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে মা-বাবা ও স্বজনেরা আনন্দে আত্মহারা। নবজাতকটি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও মোছামৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

১৮ আগস্ট রাত আটটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি যায়। এ ঘটনায় জুলেখার স্বামী বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূত্রে পুলিশ খবর পায়, কবিরহাট উপজেলার একটি বাড়িতে এক নারীর কাছে নবজাতকটি রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে।