নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক শূন্য ১ শতাংশ। তবে এই সময়ে করোনায় নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। গতকাল বুধবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ৮৭ জনের মধ্যে ৪৬ জনই সদর উপজেলার বাসিন্দা। আক্রান্ত বাকিদের মধ্যে সোনাইমুড়ীর ১০ জন, সুবর্ণচরের ২ জন, হাতিয়ার ২ জন, বেগমগঞ্জের ২০ জন, কোম্পানীগঞ্জের ৫ জন ও কবিরহাটের ২ জন রয়েছেন।
জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেডে হাসপাতালের সমন্বয়ক ও আবাসিক চিকিৎসক নিরুপম দাশ প্রথম আলোকে বলেন, ১২০ শয্যার কোভিড হাসপাতালের আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৩৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১ জন রোগী।
গত কয়েক দিন ধরে পরীক্ষাকৃত নমুনার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমতির দিকে। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর ঘটনাও ঘটেনি।
চিকিৎসক নিরুপম দাশ বলেন, করোনা হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই। ভর্তি হওয়া রোগীদের হাই ফ্লো নাজাল ক্যানুলা অক্সিজেনের পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্যে অক্সিজেন সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে একজন রোগী আইসিইউ শয্যায় চিকিৎসাধীন রয়েছেন। গতকালের চেয়ে আজ তাঁর অবস্থার বেশ উন্নতি লক্ষ করা যাচ্ছে।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন ধরে পরীক্ষাকৃত নমুনার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমতির দিকে। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর ঘটনাও ঘটেনি।
সিভিল সার্জন বলেন, জেলায় করোনার সংক্রমণের বিস্তার রোধে প্রশাসন ঘোষিত সাত দিনের লকডাউন আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে। আজ বিকেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে সার্বিক পরিস্থিতির ওপর আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।