নোয়াখালীতে ৫৪ দিনের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সর্বশেষ ৫৪ দিনের মধ্যে করোনা রোগী শনাক্তের হার সর্বনিম্ন ছিল বুধবার। নমুনা পরীক্ষার তুলনায় এদিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭৪ শতাংশ। ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এক মাস ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার ছিল ১৫ আগস্ট। এই হার ১৭ দশমিক ১২ শতাংশ। ওই দিন ৫৮৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছিল ১০০ জনের।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার জেলার দুটি করোনা পরীক্ষা কেন্দ্রে ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকিদের ফলাফল নেগেটিভ।

সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া নতুন ৭২ জন রোগীর মধ্যে সদর উপজেলার ১১ জন, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ২১ জন, সোনাইমুড়ীর ১৯ জন, চাটখিলের ৭ জন ও সেনবাগের ১৩ জন রয়েছেন।

সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার ৫৪ দিনের মধ্যে করোনা রোগী শনাক্তের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, কয়েক দিন ধরে জেলায় সংক্রমণের হার কমতির দিকে। একই সঙ্গে মারা যাওয়ার ঘটনাও কম ঘটছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে লোকজনকে বাধ্য করাসহ বাড়ি বাড়ি লকডাউন নিশ্চিত করার ওপরই তাঁরা এখন বেশি জোর দিচ্ছেন। ইতিমধ্যে ভালো ফল পাওয়া গেছে।