নোয়াখালীর স্কুলে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটের শের-ই-বাংলা উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়সংলগ্ন সেবারহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কয়েক দফা বিদ্যালয়ে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ছাত্রী বোরকা পরে বিদ্যালয়ে এলেও ক্যাম্পাসে ঢোকার পর বোরকা খুলে ফেলতে হবে। তবে পরদিন ৮ মার্চ প্রধান শিক্ষক ওই নোটিশ স্থগিত ঘোষণা করেন।
সূত্র জানায়, ওই বিজ্ঞপ্তির প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়সংলগ্ন ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধনের সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হারাধন চন্দ্র দাশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে তাঁদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে হামলার চেষ্টা চালান। এ সময় তাঁরা প্রায় আধা ঘণ্টা ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে সেনবাগ থানা–পুলিশ ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে কথা বলার জন্য ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজে পাওয়া যায়নি। পরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ৭ মার্চ প্রধান শিক্ষক বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করেছিলেন। তবে পরদিনই ওই নোটিশ স্থগিত করা হয়। আজ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ২৩ মার্চের পর এ বিষয়ে মীমাংসার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা শান্ত হয়।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষককে তিনি তাঁর কার্যালয়ে ডেকেছেন এবং ওই বিজ্ঞপ্তি নিয়ে আসতে বলেছেন। প্রধান শিক্ষকের বক্তব্য শোনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত শিক্ষার্থীরা শান্ত আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, শের-ই-বাংলা উচ্চবিদ্যালয়ের ঘটনাটি তিনি জেনেছেন। এ বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, শের-ই-বাংলা উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।