নোয়াখালীর ৯ উপজেলায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ড মোতায়েন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নোয়াখালীর ছয়টি উপজেলায় বিজিবি, দুটি উপজেলায় র্যাব ও একটি উপজেলায় কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুর থেকে নিজ নিজ উপজেলায় টহল দিচ্ছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পাঁচজন অতিরিক্ত জেলা প্রশাসককে।
আজ বেলা একটায় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলায় যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী দুই প্লাটুন বিজিবি সকালে এসে পৌঁছায়। বিজিবির পাশাপাশি র্যাবের দুটি দলও জেলায় টহল শুরু করেছে। এ ছাড়া জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় টহল দিচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা।
জেলার নয়টি উপজেলার মধ্যে চাটখিল, সোনাইমুড়ী, সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও সুবর্ণচরে বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কোম্পানীগঞ্জ ও কবিরহাটে মোতায়েন করা হয়েছে র্যাব সদস্যদের। আর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ডের এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।
জেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে জানার জন্য পুলিশ সুপার শহীদুল ইসলামকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তাই জেলা পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।