নৌকাডুবিতে নিখোঁজ ছেলের শোকে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ রহিম মিয়া
ছবি: সংগৃহীত

নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন ছেলে। এরপর থেকেই নীরব হয়ে যান মা। খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। ছেলে নিখোঁজের শোকে অবশেষে এবার মারা গেলেন মা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া ওই নারীর নাম শাফিয়া খাতুন (৬৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের লায়েস মিয়ার স্ত্রী। ২০ আগস্ট বরিশালের হিজালা এলাকায় মেঘনা নদীতে শাফিয়া খাতুনের বড় ছেলে রহিম মিয়া (৫০) নৌকাডুবিতে নিখোঁজ হন। এখনো রহিমের কোনো সন্ধান মেলেনি।

পারিবাবিক সূত্রে জানা গেছে, চার ভাই ও তিন বোনের মধ্যে রহিম সবার বড়। তিনি বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ রহিম পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান।

ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যায়। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।

রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ঘটনার পরদিন হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন টানা তিন দিন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

মোখলেছুর রহমান বলেন, ‘ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি গত রাতে মারা গেছেন। আমার শ্বশুরও এখন ভেঙে পড়েছেন।’