নৌকার পক্ষে কাজ করতে সদস্য প্রার্থীদের শপথ করালেন আ.লীগ নেতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় বাধা ও সমর্থকদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের জেলাপর্যায়ের এক নেতা সদস্য প্রার্থীদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য শপথ করাচ্ছেন। সম্প্রতি শপথ পড়ানো ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়।
এ পরিস্থিতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি এবং হুমকি-ধমকি দেওয়া ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা।
সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের নির্বাচনী প্রচারণা চালাতে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আওলাই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজেদের পাশাপাশি নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে শপথও করানো হয়েছে। শপথের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শপথের ঘটনাকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে ওই দুটি ইউপির রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন।
ওই দুটি ইউনিয়নে গিয়ে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারি। ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের প্রচার-প্রচারণা প্রায় শেষ পর্যায়ে। আওলাই ও কুসুম্বা ইউনিয়নে সরকার-দলীয় প্রার্থীদের পোস্টারের ছড়াছড়ি থাকলেও, বেশির ভাগ স্থানেই স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার নেই। আবার আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালালেও, স্বতন্ত্র প্রার্থীরা তা পারছেন না। এই দুটি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এক প্রকার কোণঠাসার মধ্যে রয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁরা পথসভায় বক্তব্য দিচ্ছেন।
আওলাই ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের নৌকার প্রার্থীর পক্ষে ভোট করার শপথ করানো হয়েছে। ইউপি নির্বাচনে ৫-৬টি ইউপিতে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনায় দলটির নেতা-কর্মীদের ‘ম্যাজিক ম্যান’ উপাধি পাওয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর এই শপথ করিয়েছেন। তিনি শপথের ভিডিও কয়েক দিন আগে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন। অনেকেই শপথের ভিডিও শেয়ার করেছেন।
ওই শপথের দুটি ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। একটি ভিডিও দেখা যাচ্ছে, চারজন সাধারণ সদস্য ও একজন নারী সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি কক্ষের ভেতর জড়ো করা হয়েছে। সেখানে তাঁরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পাঁচবিবি পৌরসভার মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের হাতে হাত রেখে শপথ করছেন। গোলাম মাহফুজ চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করাচ্ছিলেন।
ওই ভিডিও গোলাম মাহফুজ চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আমরা সকল মেম্বার প্রার্থী শপথ করেছি, যে যেই যেই দল করি না কেন, আওলাই ইউনিয়নের মানুষের, বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে আমাদের ভোটের পাশাপাশি নৌকার ভোট নিশ্চিত করব ইনশা আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এসব প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী তাঁর সঙ্গে সুর মিলিয়ে ওই কথাগুলো বলছিলেন। আরেকটি ভিডিওতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে দুজন সাধারণ সদস্যপদ প্রার্থীকে একইভাবে তিনি শপথ করাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওলাই ইউপির প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘আমরা নিরুপায় হয়ে অনেকটায় স্বেচ্ছায় শপথ করেছি। তা ছাড়া আমরা নির্বাচনের মাঠে থাকতে পারব না। আমাদের মতো ইউনিয়নের সব ওয়ার্ডের সদস্য প্রার্থীকে শপথ করানো হয়েছে।’
ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করানো বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাউকে জোর করে শপথ করানো হয়নি। তাঁরা নিজেরাই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করে আমার কাছে শপথ করেছেন।’
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওলাই ইউপিতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের শপথ করানোর বিষয়টি আমার কানেও এসেছে। তবে কেউ এ ব্যাপারে অভিযোগ করেননি। ঘটনাটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগগুলো নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছি।’ তিনি জানান, এই দুটি ইউপি চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুসুম্বা ইউপিতে দুজন আর আওলাই ইউপিতে সাতজন। এই দুই ইউপিতে মোট ভোটার ৪৮ হাজার ২২৯ জন।
কুসুম্বা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা। ফেসবুক লাইভে এসে আমাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’ তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জিহাদ মণ্ডল স্বতন্ত্র প্রার্থী মুক্তার হোসেনের সমর্থকদের ভয়ভীতি দেখানো ও প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আওলাই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী একরামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রচারণা চালাতে দিচ্ছেন না আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা। নির্বাচনের দিন কোনো কেন্দ্রেই আমার এজেন্ট থাকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। আবার সদস্য প্রার্থীদের ব্যালটে গোপনে আর চেয়ারম্যানদের ব্যালটে প্রকাশ্যে সিল নেওয়ার কথা প্রচার করছেন। এতে ভোটাররা বিভ্রান্তিতে পড়েছেন। সব ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সদস্যকে নৌকার পক্ষে ভোট করার শপথ করানো হয়েছে। নৌকার প্রার্থী ও তাঁর লোকজনের এসব ঘটনা ঘটাচ্ছেন। এসব ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। কোনো কাজ হয়নি।’
আওলাই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী প্রচারণায় চালাতে পারছি না। নির্বাচনে বহিরাগত লোকজন আসছে কেন, সেটি প্রশাসনের কাছে জানতে চাই। যে পরিবেশ, তাতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছি।’
আওলাই ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম ইব্রাহিম হোসাইন প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ সত্য নয়। তাঁরা নিজেদের পরাজয় জানতে পেরে অপপ্রচার চালাচ্ছেন।