নৌকার প্রার্থিতা প্রত্যাহার করা রামগতির সেই আ.লীগ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন আকবর হোসেন
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন প্রার্থিতা প্রত্যাহার করায় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে দলের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ ও ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে আওয়ামী লীগ থেকে তাঁর সদস্য পদ বাতিলেরও সুপারিশ করা হয়েছে।

আকবর হোসেন আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত বুধবার রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এর পর থেকে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আকবর হোসেন। তিনি লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে উপনির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। যাঁরা রাতদিন কষ্ট করেছেন, তাঁদের কাছে আজীবন ঋণী থাকব। চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি।’

দলীয় সূত্রে জানা গেছে, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সম্প্রতি বার্ধক্যের কারণে মারা গেছেন। এতে ওই ইউনিয়নে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তৃণমূল থেকে তিনজন চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠায় উপজেলা আওয়ামী লীগ। তাঁদের মধ্যে আকবরকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, আকবর হোসেন কোনো ধরনের পরামর্শ না করেই হঠাৎ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁর জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সদস্য পদ বাতিলের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন