নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত এক নেতার সমর্থকেরা। এই ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা।
আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মতিনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদের সমর্থকেরা। ইউনিয়নের কয়েক শ নারী–পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এর আগে সকাল ১০টার দিকে দিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আকতার উদ্দিন আহমদের সমর্থকেরা সমবেত হতে শুরু করেন। বেলা ১১টার দিকে ইউনিয়নের পরিষদের সামনে থেকে ‘নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
মিছিলটি জেলা শহরে প্রবেশ করে শহরের শহীদ রফিক সড়ক হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিজান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন দিঘী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আবদুল মালেক, সবজেল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সায়েদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দিঘী ইউনিয়নে চেয়ারম্যান পদে জনবিচ্ছিন্ন ব্যক্তিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে ওই প্রার্থীকে পরিবর্তন করে দলে এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি তাঁদের।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে দিঘী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চারজন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা দলীয় মনোনয়ন পান।
এ ছাড়া নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদ, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।