নৌকার বিরোধিতাকারীদের বাদ দিয়ে উপজেলা কমিটি গঠনের দাবি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী
ছবি: সংগৃহীত

নৌকার বিরোধিতাকারীদের বাদ দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আজ শুক্রবার সকালে বড়াইগ্রামের বনপাড়ায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পাটোয়ারী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। নির্বাচনের সময় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আব্দুল কুদ্দুস ও তাঁর হাতে গড়া উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা নৌকার বিপক্ষে অবস্থান নেন। তাঁরা প্রতিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের পক্ষে কাজ করেন।

ওই সময় উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুজ্জামান গোলাম, জোয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মাহমুদ ও বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহক আলী মোল্লাসহ অগণিত নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন। এই প্রতিহিংসায় সাংসদ আব্দুল কুদ্দুসের সমর্থিত বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটির নেতারা তাঁকে ও তাঁর পক্ষে যাঁরা নৌকা প্রতীকের কাজ করেছেন, তাঁদের কোনো সভা–সমাবেশে ডাকেন না। এমনকি বিভিন্ন জাতীয় ও দলীয় দিবস উদ্‌যাপনে তাঁদের ডাকা হয় না বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার বনপাড়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আয়োজন নিয়ে আলোচনা সভা হয়েছে। এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে কি নৌকার বিরোধীরাই আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে? নৌকার জন্য যাঁরা আজীবন ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা কি দলের কর্মসূচিতে আমন্ত্রণ পাবে না?’

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান দাবি জানান, বর্তমান কমিটিতে থাকা নৌকার বিরোধীকারীদের বাদ দিয়ে নৌকার পক্ষের আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করতে হবে। একই সঙ্গে দলের প্রতিটি কর্মসূচিতে নৌকার পক্ষের নেতাদের আমন্ত্রণ জানাতে হবে। তিনি এই দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

এ সময় সেখানে আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুস সোবহান প্রামাণিক ও বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দাবিতে তাঁদের কিছু যায় আসে না। তিনি উপজেলা আওয়ামী লীগের কেউ নন। উপজেলা নির্বাচনের আগেও তিনি আওয়ামী লীগের কেউ ছিলেন না। তাই নির্বাচনের সময় তাঁর পক্ষে না থাকার মানে নৌকার বিরুদ্ধে থাকা বোঝায় না।
মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত এসব অভিযোগ প্রসঙ্গে নাটোর–৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস বলেন 'আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছি। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের অথবা পৌর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দাবিতে তাঁদের কিছু যায় আসে না। তিনি উপজেলা আওয়ামী লীগের কেউ নন। উপজেলা নির্বাচনের আগেও তিনি আওয়ামী লীগের কেউ ছিলেন না। তাই নির্বাচনের সময় তাঁর পক্ষে না থাকার মানে নৌকার বিরুদ্ধে থাকা বোঝায় না। উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হচ্ছে। সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের নির্দেশনা মোতাবেক উপজেলা আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা-ই হবে।