নৌকায় করে পদ্মা সেতু ঘুরে দেখছেন লোকজন
ইঞ্জিনচালিত নৌকায় করে নদীপথে পদ্মা সেতু ঘুরে দেখছেন লোকজন। দর্শনার্থীরা শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে ট্রলারে করে মাওয়া প্রান্তে যাচ্ছেন। আবার জাজিরা প্রান্তে ফিরে আসছেন। অনেকে পিকনিকের আয়োজন করেছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এরপর প্রমত্তা পদ্মার বুকে দীর্ঘ আট বছর সেতুর নির্মাণকাজ চলে। বিভিন্ন সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নৌপথে চলাচলের সময় সেতুর নির্মাণকাজ দেখেছেন। নদী পথে সেতু দেখার আগ্রহ রয়েছে দেশের অন্যান্য অঞ্চলের মানুষেরও।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পদ্মা সেতু দেখতে আসছেন। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদের ছুটিতে মানুষ সেতু দেখতে আসছেন। অনেকে গাড়িতে সেতু পাড়ি দিচ্ছেন। আবার অনেকে চলে যাচ্ছেন পদ্মা নদীর তীরে পদ্মা সেতুর নদী শাসনের বাঁধের ওপর। সেখান থেকে ট্রলার ভাড়া নিয়ে নদীপথে ঘুরে সেতু দেখছেন।
গাজীপুরের শ্রীপুর থেকে দুটি বাসে করে এসেছেন ৮০ জনের একটি দল। তাঁরা গতকাল সোমবার সেতু পার হয়ে জাজিরা প্রান্ত ঘুরে দেখেন। বিকেলে চলে যান নাওডোবায় পদ্মার তীরে। সেখান থেকে একটি ট্রলার ভাড়া নিয়ে নদীতে ভ্রমণ শুরু করেন। সেতুর জাজিরা প্রান্ত থেকে নদী পথে সেতু ঘেঁষে মাওয়া প্রান্ত পর্যন্ত গিয়ে আবার জাজিরা প্রান্তে ফিরে আসেন।
ওই দলের সদস্য নাজমা খানম বলেন, ‘আমি কখনো পদ্মা নদী পার হইনি। নদী থেকে পদ্মা সেতু দেখেছি, সেতু ছুঁয়েছি। অনেক আনন্দ লেগেছে।’
শরীয়তপুরের ভেদরগঞ্জের তারাবনিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি ট্রলার নিয়ে এসেছে পদ্মা সেতু দেখতে। তারা নদী পাড়ি দিয়ে চরে পিকনিকের আয়োজন করে। ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র মোবারক হোসেন বলে, ‘পদ্মা সেতুতে মানুষ নামতে পারে না। তাই আমরা বন্ধুরা মিলে এসেছি নদীপথে আমাদের স্বপ্নকে ছুঁয়ে দেখতে। স্কুলের বন্ধুরা মিলে পিকনিকেরও আয়োজন করেছি সেতুর কাছে পদ্মার চরে।’
নাওডোবার বাসিন্দা ইসমাইল হোসেন পদ্মা নদীতে ট্রলার চালান। তিনি প্রথম আলোকে বলেন, আগে মানুষ নৌপথে পারাপার হওয়ার সময় ফেরি ও লঞ্চ থেকে সেতু দেখত। এখন পদ্মা সেতু চালু হয়েছে। যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ। তাই অনেকেই আসছেন ট্রলার ভাড়া নিয়ে, নদী পথে পদ্মা সেতু দেখছেন। পদ্মা নদীতে ঘুরে বেড়াচ্ছেন।
জাজিরার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির কারণে অনেক দর্শনার্থী ট্রলারে করে নদীপথে পদ্মা সেতু দেখছেন। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য নৌ–পুলিশের টহল দল কাজ করছে।