নৌকায় যমুনা পাড়ি দিচ্ছেন ঘরমুখো অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখো অনেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এসে নৌকায় যমুনা পার হচ্ছেন। রোববার দুপুর, গোবিন্দাসি ঘাট, ভূঞাপুর, টাঙ্গাইল। ছবি: প্রথম আলো
ঈদে ঘরমুখো অনেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এসে নৌকায় যমুনা পার হচ্ছেন। রোববার দুপুর, গোবিন্দাসি ঘাট, ভূঞাপুর, টাঙ্গাইল। ছবি: প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে তিন চাকার যানবাহন চলাচলের অনুমতি না থাকায় উত্তরবঙ্গগামী অনেকে নৌকায় করে ঝুঁকি নিয়ে যমুনা নদী পারি দিচ্ছেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি ঘাট এলাকা থেকে উচ্চ ভাড়ায় নদী পারি দিয়ে সিরাজগঞ্জে পৌঁছাচ্ছেন তাঁরা।

করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ঈদে গণপরিবহন বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি রয়েছে। রাস্তা ফাঁকা থাকায় অনেকে ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস নিয়ে এক টানে চলে যাচ্ছেন গন্তব্যে।

কয়েকজন বলেন, যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই, তাঁরা অটোরিকশা, পিকআপ-ভ্যান বা মোটরসাইকেলে করে গন্তব্যে রওনা দিয়েছেন। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত জনপ্রতি মোটরসাইকেল ভাড়া নিয়েছে দেড় হাজার টাকা। অটোরিকশা সরাসরি ঢাকা থেকে না আসায় ভেঙে ভেঙে আসতে হয়েছে যাত্রীদের। এসব যাত্রীরা বঙ্গবন্ধু সেতু এলাকায় এসে বিপাকে পড়েন। এ সেতুতে তিন চাকার যানবাহন চলতে দেওয়া হয় না। তাই অনেকে সেতুর পূর্ব প্রান্ত থেকে দুই শ টাকা ভাড়ায় মোটরসাইকেলে করে সেতু পার হয়েছেন। কেউ কেউ নদী পারি দিয়েছেন নৌকায়।

আজ দুপুর দুইটার দিকে ভূঞাপুরের গোবিন্দাসী ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে আসা অনেকে সেখানে নৌকার জন্য অপেক্ষা করছেন। অনেকে ততক্ষণে নৌকায় করে গন্তব্যে রওনা দিয়েছেন। মাঝনদীতে সেসব নৌকা ভাসতে দেখা যায়।

ঘাটে অপেক্ষারত ও স্থানীয় কয়েকজন জানান, গোবিন্দাসী-গাবসারা চরের নৌকাগুলো সিরাজগঞ্জ যাত্রী নিয়ে যাচ্ছেন। জনপ্রতি ভাড়া এক শ থেকে দেড় শ টাকা। গত কয়েক দিন ধরে এ ঘাট থেকে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ নৌকায় যমুনা পারি দিচ্ছেন।

ঢাকা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে যাতায়াত করেন। স্বাভাবিক অবস্থায় এ সড়ক দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। গত কয়েক বছর ঈদের দু-এক দিন আগে এই সেতু দিয়ে দিনে ৩০ হাজারের বেশি যান পারাপার হয়। এবার পরিস্থিতি পুরোই উল্টো।

আজ দুপুরে টাঙ্গাইল সদরের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘুরে দেখা যায়, রাস্তা প্রায় ফাঁকা। কিছুক্ষণ পরপর দু-একটি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলছে। আর চলছে পণ্যবাহী ট্রাক ও পিকআপ-ভ্যান।

কালিহাতী উপজেলার এলেঙ্গায় কথা হয় ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা থেকে রাজশাহীগামী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত কয়েক ঈদে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু যেতে ১৫ থেকে ১৬ ঘণ্টা সময় লেগেছে। এবার পৌনে দুই ঘণ্টায় চলে এসেছেন এলেঙ্গা পর্যন্ত। আর ১৫ মিনিটেই পৌঁছে যেতে পারবেন বঙ্গবন্ধু সেতু।

মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, নির্বিঘ্নে যেতে পারছেন, পথে যানজট নেই। কিন্তু তারপরও ঈদের আমেজ পাচ্ছেন না করোনাভাইরাসের ভয়ে।

জানতে চাইলে টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সাজেদুল ইসলাম বলেন, মহাসড়কে যানবাহনের চাপ নেই। ট্রাক ও পিকআপ-ভ্যানে করে যাত্রী পরিবহন ঠেকাতে বিভিন্ন পয়েন্টে পুলিশের চেক পোস্ট রয়েছে।