নৌবন্দর প্রকল্প অনুমোদন, চিলমারীতে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে নৌবন্দর প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় উপজেলা শহরে আনন্দ মিছিল বের করেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হওয়ায় একটি আনন্দ মিছিল বের করা হয়। আজ বুধবার সকালে চিলমারীর থানাহাট বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, চিলমারী একটি ঐতিহাসিক নৌবন্দর। এটি চালু হলে পণ্যবোঝাই জাহাজ এ পথ দিয়ে ভুটান, মিয়ানমার, চীন ও ভারতে যাতায়াত করবে। পাশাপাশি আসাম, রৌমারী, রাজীবপুর, বাহাদুরাবাদসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে যাত্রীবাহী ফেরির যোগাযোগ স্থাপিত হবে। কুড়িগ্রামে দুটি স্থলবন্দর থেকে মালামাল পরিবহনে ভূমিকা রাখবে।

জানা গেছে, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারীতে চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করতে এসে নৌবন্দর নির্মাণের ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার একনেকের বৈঠকে চিলমারী নৌবন্দর প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। চলতি বছর কাজ শুরু হয়ে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অনুমোদিত প্রকল্পের আওতায় ২ হাজার ৪৮০ বর্গমিটার আরসিসি জেটি, ১ হাজার বর্গমিটার আরসিসি পেভমেন্ট, ৩৭৯ দশমিক ৮ বর্গমিটার স্টিল জেটি তৈরি করা হবে। এতে ৭৮৫ মিটার তীর রক্ষা, ১ হাজার ৩০৪ বর্গমিটার গুদাম, ৫টি পন্টুন, বন্দর ভবন, কর্মকর্তা ও কর্মচারী ডরমিটরি নির্মাণ করা হবে। এ ছাড়া পাইলট হাউস, শ্রমিক বিশ্রামাগার প্রভৃতি অবকাঠামো নির্মাণ করা হবে। এ বন্দর নির্মাণের মাধ্যমে চিলমারী দিয়ে বছরে প্রায় ৩ দশমিক ২৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন ও ১ দশমিক ৫ লাখ টন মালামালের ওঠানামা নিশ্চিত করা সম্ভব হবে।

একনেকে চিলমারী নৌবন্দর প্রকল্প অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বুধবার চিলমারী শহরে মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগের নেতা–কর্মীসহ একাধিক সংগঠনের নেতা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেদীতে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের চিলমারী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক।