‘ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য পাওয়া ভোক্তাদের মৌলিক অধিকার’
সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ন্যায্যমূল্যে নিরাপদ মানসম্মত পণ্য পাওয়া ভোক্তাদের মৌলিক অধিকার। ব্যবসায়ী-বিক্রেতাদের নৈতিক দায়িত্ব ন্যায্যমূল্যে নিরাপদ মানসম্মত পণ্য সরবরাহ করা। এ ক্ষেত্রে উভয় পক্ষকেই সচেতন হতে হবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার এ কথা বলেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, জেলা প্রশাসন ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট যৌথভাবে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
সিলেটের বিভাগীয় কমিশনার বলেন, ‘ক্ষেত্রভেদে আমরা সবাই ভোক্তা। সুতরাং শুধু একটি সরকারি দপ্তরের পক্ষে ব্যাপক দায়িত্ব এককভাবে পালন করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করেন। কারসাজি সহ্য করা হবে না বলে তিনি রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সিলেট নগরে আজ সকাল ১০টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. ফয়সল মাহমুদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, সিলেট চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, ক্যাব জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান রাজু এবং ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী।
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. ফখরুল ইসলাম।
আরও বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক জিয়াউল হক, ব্যবসায়ী ফয়জুল হক, কামাল উদ্দিন খান, দিলোয়ার হোসেন, সালাহউদ্দিন বাবলু, খালেদ আহমদ, জসিম উদ্দিন, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
দিবসটি উদ্যাপন উপলক্ষে সিলেট নগরে সকাল ১০টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাকে করে প্রদর্শনী ও সচেতনতামূলক জারিগান প্রচার এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।