নড়বড়ে সাঁকো দিয়ে পাকা সেতু পারাপার

২০১৭ সালে বন্যায় সংযোগ সড়ক উভয় পাশে ভেঙে যায়। এরপর থেকে সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশের সাঁকো তৈরি করে সেতুকে যুক্ত করা হয়েছে সড়কের সঙ্গে। লালমনিরহাটের পাটগ্রামের দেওদাপাড়া গ্রামে।
ছবি: প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের দেওদাপাড়া গ্রামের খালের সেতুটির সংযোগ সড়ক চার বছর আগে বন্যায় ভেঙে যায়। তখন খালে দেবে যায় সেতুর একাংশ। সেতুটিতে বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয়। নড়বড়ে ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলে কয়েক হাজার পথচারী।

পাটগ্রাম উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাটগ্রাম-জগৎবের আঞ্চলিক সড়কের জগৎবের ইউনিয়নের দেওদাপাড়া গ্রামে ১৯৯২ সালের দিকে ৫০ ফুটের দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। ২০১৭ সালের আগস্ট মাসের বন্যায় সেতুটির সংযোগ সড়ক উভয় পাশে ভেঙে যায়। এরপর থেকে সেতুর দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছে স্থানীয় মানুষ।

বর্তমানে বাঁশের সাঁকোটিও ভাঙা ও নড়বড়ে। এতে পারাপার হতে গিয়ে মোটরসাইকেল, বাইসাইকেলসহ ভ্যানচালকদের খালের পানিতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। স্থানীয় কয়েকজন বলেন, এ পর্যন্ত অন্তত ২৫টি দুর্ঘটনা ঘটে। এই পথে পাটগ্রাম উপজেলা সদরের দূরত্ব ছয় কিলোমিটার। বিকল্প পথে সদরে যেতে চাইলে পাঁচ কিলোমিটার মেঠো পথসহ ১৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, দেবে যাওয়ার কারণে সেতুটি এক পাশে কাত হয়ে আছে। এ বিষয়ে জগৎবের ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ওই ভাঙা সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ ২০ থেকে ২৫ ব্যক্তি পানিতে পড়ে আহত হয়েছেন। ভেঙে যাওয়ার পর থেকে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় গ্রামের মানুষকে কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলার রসুলগঞ্জ হাটে নিয়ে যেতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। সেতুর ওপর দিয়ে কোনো পণ্যবোঝাই গাড়ি পারাপার হতে পারে না।

দেওদাপাড়া গ্রামের কৃষক করিম আলী (৭০) বলেন, সেতুটি সংস্কার হলে ফসল সরাসরি যানবাহনে করে হাটে নেওয়া যেত। তখন খরচও কম হতো।

এ বিষয়ে জগৎবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিবর রহমান বলেন, সেতুটির সংযোগ সড়ক হওয়া খুবই জরুরি। বিষয়টি নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, এটি নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব-উল-আলম জানান, দেবে যাওয়ার কারণে পুরে সেতুটি নতুন করে নির্মাণ করতে হবে। এ বিষয়ে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই নির্মাণকাজ শুরু করা হবে।