নড়াইলে গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নড়াইল পৌর এলাকায় গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হাসান ওরফে রাজু (৪১) ওই গ্রামের বাসিন্দা। নড়াইল সদর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী জুয়েল রানার স্ত্রী সোনালীর কাছ থেকে নিহত ইমাম হাসানের স্ত্রী মাজেদা একটি গরু বর্গা নেন। ওই গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে গতকাল দুপুরে সোনালীর সঙ্গে মাজেদার ঝগড়া ও হাতাহাতি হয়। এ বিষয়ে সোনালীর স্বামী জুয়েল রানা সন্ধ্যায় ইমাম হাসানের কাছে জানতে চান। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে তাঁদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তখন জুয়েল রানা সড়কি এনে ইমাম হাসানের গলায় একটি কোপ দেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, এর আগেও একটি বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। ওই দ্বন্দ্ব এবং গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ইমাম হাসানকে কুপিয়ে হত্যা করেন জুয়েল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোনালীকে থানা হেফাজতে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।