নড়াইলে দুই দফার ‘লকডাউনের’ পরও সংক্রমণ ঊর্ধ্বমুখী
নড়াইল জেলায় ২০ জুন রাত ১২টায় শুরু হওয়া এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ শেষ হচ্ছে আজ রোববার রাত ১২টায়। এর আগের এর আগের সপ্তাহে জেলার বিভিন্ন এলাকা ছিল ‘আংশিক লকডাউন’। এই দুই সপ্তাহে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, করোনার সংক্রমণ কমার বদলে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে।
গত সপ্তাহের পাঁচ দিনই নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৪ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে। আগের সপ্তাহ থেকে গত সপ্তাহে শনাক্তের সংখ্যাও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে নড়াইল সদর হাসপাতালের ২০ শয্যার করোনা ইউনিট ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে।
এমন পরিস্থিতি নিয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, ‘এক সপ্তাহ কঠোর লকডাউন হয়েছে। লকডাউন আরও বাড়াতে হবে। ২১ দিনের আগে এর ফল পাওয়া যাবে না। আরও অধিক দিন মানুষেকে ঘরে রাখতে পারলেই সংক্রমণ কমবে। আমরা সেদিকে এগোচ্ছি।’
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। নমুনা পরীক্ষা হয় ১৫২ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। গত ২০ থেকে ২৬ জুন পর্যন্ত এক সপ্তাহে জেলায় ২৪২ জনের করোনা শনাক্ত হয়। এর আগের সপ্তাহে (১৩-১৯ জুন) শনাক্ত হয়েছিল ২১০ জন। গত সপ্তাহের পাঁচ দিনই শনাক্তের হার ৩৪ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে। আগের সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন শনাক্তের হার ৩৫ থেকে ৫১ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে। তারও আগের সপ্তাহে (৬ থেকে ১২ জুন) শনাক্তের হার ছিল ৩৫ শতাংশের ওপরে। ১৩ জুন থেকে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১২ জন।
জেলায় প্রথম রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। এ পর্যন্ত ৯ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৪ জন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১ হাজার ৩৬৩, লোহাগড়ায় ৮৭৯ ও কালিয়া উপজেলায় ১৮২ জন। মারা গেছেন ৪০ জন। এর মধ্যে নড়াইলে ১৬, লোহাগড়ায় ১৩ ও কালিয়ায় ১১ জন মারা গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এপ্রিল-মে মাসে ভারত থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে জেলায় এই সামাজিক সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু লকডাউন কঠোর হয়েছে মূলত ২০ জুন থেকে। এর আগের সপ্তাহে জেলার কয়েকটি এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত রাতে লকডাউন চলেছে। জেলায় নমুনা সংগ্রহ কম হয়েছে। তাই রোগী নিজেই জানেন না তাঁর করোনা কি না। এ ছাড়া শনাক্ত রোগী ও স্বজনেরাও বাজারঘাটে ঘুরছেন। আর মাস্ক পরায় রয়েছে উদাসীনতা।
নড়াইল জেলায় তিনটি সরকারি হাসপাতাল। এ হাসপাতালগুলোতেই শুধু করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করা হয়। নড়াইল সদর হাসাপাতলে ২০ শয্যার দুটি করোনা ইউনিট ছিল। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ২১ জুন হাসপাতালের নিচতলায় ৩০ শয্যার একটি পুরুষ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হয়েছে। এরপর রোগী আরও বাড়ায় আজ রোববার (২৭ জুন) ওই ৩০ শয্যা ইউনিটে আরও ১০টি শয্যা বাড়ানো হয়েছে। লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে আইসোলেন শয্যা আছে।
এসব হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, রোগীর চাপ বাড়ায় অধিকাংশ রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
নড়াইল সদর হাসপাতলের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (মেডিসিন) মৃধা মো. শাহীনুজ্জামান বলছিলেন, জেলায় সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখন রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা (কন্ট্যাক্ট ট্রেসিং) কঠিন। এ অবস্থায় ৩০ মিনিট মুখোমুখি বসে থাকলেই ঝুঁকি আছে। তাই কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) কার্যকর করতে হবে। এ ছাড়া ঠিকমতো মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি হয়ে পড়েছে।