নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নড়াইল আদালত চত্বরে ‘নিপীড়নের বিরুদ্ধে নড়াইল’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তার নূর-নবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে নড়াইল আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন, নূর-নবীর পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় এর আগে চার তরুণকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার থেকে গ্রেপ্তার তিনজন তিন দিনের রিমান্ডে আছেন।
আদালত চত্বরে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—শিক্ষার্থী রাহুল দেবের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঘটনার উসকানিদাতা শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া, অবিলম্বে বর্তমান কলেজ পরিচালনা পরিষদ বিলুপ্ত করা, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সসম্মানে, নিরাপত্তাসহ চাকরিতে বহাল করা এবং বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত করা।
মানববন্ধন সঞ্চালনা করেন আইনজীবী কাজী বসিরুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাবেক সভাপতি গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বাংলদেশ জাসদের সভাপতি মো. হেমায়েত উল্লাহ, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খান আমিরুল ইসলাম, আইনজীবী রবিন্দ্রনাথ বিশ্বাস, আবদুল মুকিত, সাবেক জেলা পরিষদ সদস্য রওশন আরা প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তরুণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অধ্যক্ষের গলায় জুতার মালা মানে পুরো জাতির গলায় জুতার মালা। প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা পুরো জাতির সামনে অশনি সংকেত। তাঁরা আরও বলেন, মির্জাপুরের ঘটনা সারা দেশে নড়াইলকে কলঙ্কিত করেছে। প্রগতিশীল সংস্কৃতির ধারক-বাহক ও ধর্ম-বর্ণের সম্প্রীতির ঐতিহ্যের নড়াইলের মান-সম্মান ভূলুণ্ঠিত করেছে।
অধ্যক্ষ অপদস্থ ঘটনার পর ‘নিপীড়নের বিরুদ্ধে নড়াইল’ সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ এই সংগঠনের সদস্য।
গত ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয়। ১৭ জুন ওই কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ওই শিক্ষার্থীর বাবাকে ডাকেন। কলেজের শিক্ষকদের নিয়ে আলোচনা করেন। আলোচনায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীকে তাদের কাছে সোপর্দ করা হয়। পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিয়ে যেতে চাইলে উত্তেজিত ছাত্ররা বাধা দেন। তখন নড়াইল সদর থানার ওসি, পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককে (ডিসি) বিষয়টি জানানো হয়।
বিকেল চারটার দিকে স্বপন কুমার বিশ্বাস এবং ওই শিক্ষার্থীকে কলেজের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বের করা হয়। নিচতলার কলাপসিবল গেটের সামনে আনার পর তাঁদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এরপর তাঁদের থানায় নেওয়া হয়।