নড়াইলে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নড়াইলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ নারীসহ ছয়জন। নিহত ও আহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লোহাগড়া-নড়াইল সড়কের বুড়িখালীতে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই নারী হলেন যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী মিনা রানী বিশ্বাস (৫৫) ও একই গ্রামের সুবল মণ্ডলের স্ত্রী মমতা মণ্ডল (৫০)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের নিদ্রা মণ্ডল (৪৫), দিপা মণ্ডল (৩৫), অলোকা মণ্ডল (৫০), টুকু রানী মণ্ডল (৬৫), ঝর্ণা রায় (৫০) ও অটোরিকশার চালক আশরাফ (৪০)।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা জানান, লোহাগড়া উপজেলা সদরের জয়পুরে তারক গোঁসাইয়ের মেলা হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের ওই মেলায় যোগ দিতে তাঁরা পাঁচটি সিএনজিচালিত অটোরিকশায় সমসপুর ও আশপাশের এলাকার ৩৫ থেকে ৩৮ জন জয়পুরে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস খানজাহান আলী পরিবহনের সঙ্গে সদর উপজেলার বুড়িখালী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মমতা মণ্ডলের মৃত্যু হয়। মিনা রানী বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই পথে মারা যান।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, মিনা রানী বিশ্বাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মমতা মণ্ডল বিকেল পাঁচটার দিকে মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।