নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড
নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
নড়াইল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রিপন মোল্লা (৪০)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কালিনগর গ্রামের মকছেদ মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেলে বাড়ির পাশে নালিয়া নদীর পাড়ে রিপন তাঁর বোন ফাতেমাকে (৩১) হত্যা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন নালিয়া নদীর পাড়ে ফাতেমা কাপড় পরিষ্কার করছিলেন। এ সময়ে রিপন তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এরপর বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করেন। পরে রিপন তাঁর বোনের লাশ নদীতে কাদায় পুঁতে রাখেন।
রিপনের ছেলে রাশেদ মোল্লা এ দৃশ্য দেখে সবাইকে বলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ফাতেমার লাশ উদ্ধার করে এবং রিপনকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই রিপনের বাবা মকছেদ মোল্লা বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম বলেন, মামলার সময় থেকেই রিপন গ্রেপ্তার ছিলেন। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।