নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় ঝিনাইদহের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মো. মশিয়ার রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মিলন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর বড়বাড়ি গ্রামে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। যশোরের দিক থেকে আসা একটি বাস তল্লাশি করার সময় মিলনকে সন্দেহ করে পুলিশ। পরে তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। ওই দিনই তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ।
নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন বলেন, সাজাপ্রাপ্ত মিলন পলাতক। তিনি স্বেচ্ছায় হাজির হলে বা গ্রেপ্তার হলে তখন থেকে সাজার মেয়াদ শুরু হবে।