নড়াইলে মাদক মামলায় বাসচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

নড়াইলে মাদকের মামলায় বাসচালক ও চালকের সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বদিয়ার রহমান। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ রাতে নড়াইলের লোহাগড়া থানার উপপরিদর্শক মো. নয়ন পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপনে সংবাদ পেয়ে তাঁরা রাত সাড়ে নয়টার দিকে লোহাগড়ার কালনাঘাটে ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাশি চালান। গাড়ির চালক মিলন পোদ্দারের বসার সিটের নিচে ও ইঞ্জিনের চেসিসের সঙ্গে রাখা ব্যাগে ১২৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ মিলন পোদ্দারকে গ্রেপ্তার করে। হেলপার বদিয়ার রহমান তখন পালিয়ে যান। ওই রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

নড়াইল আদালতের সরকারি কৌঁসুলি এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।