নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
নড়াইলে দুটি মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যককে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আজ বুধবার সকালে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগম এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে আবদুল বারেক।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ আগস্ট বিকেলে ফেনসিডিল বিক্রির খবর পেয়ে মুক্তা বেগমের বাড়িতে নড়াইল গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। এ সময় মুক্তা বেগম বাজারের একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । ওই ব্যাগ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে মুক্তা জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান।
এ ছাড়া লোহাগড়া সদরের আবদুল বারেকের ভাড়া বাসায় ফেনসিডিল বিক্রির খবর পেয়ে ২০১২ সালের ১৯ জানুয়ারি লোহাগড়া থানার পুলিশ অভিযান চালায়। পুলিশ তাঁর বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় বারেক বাসা থেকে পালিয়ে যান। এ ব্যাপারে লোহাগড়া থানার এসআই মো. জয়নাল আবেদীন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে তার পর থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে।