নড়াইলে মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে একটি মাদ্রাসা ও এতিমখানার তিন শিশু গত বুধবার রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছে। এ ছাড়া সেখানকার এক শিক্ষক এবং ১৭ শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
মৃত শিশুরা হলো সদর উপজেলার বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে ইমামুল হক (১৫), ভদ্রবিলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মোরাদ শেখের ছেলে আলিফ শেখ (৯) ও সুভারঘোপ গ্রামের আফছার শেখের ছেলে মোহাম্মদ আশরাফুল শেখ (১৫)।
কলোড়া ইউনিয়নের আগদিয়া-শিমুলিয়া জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার তত্ত্বাবধায়ক আবদুল কাদের বলেন, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ওই মাদ্রাসার ছেলেরা শুয়ে পড়ে। ১২টার দিকে হঠাৎ কয়েকটি শিশু মাথা ঘুরছে বলে জানায়। একটু পরই তারা বমি শুরু করে। কেউ কেউ রক্তবমিও করে। হাসপাতালে নেওয়ার পথে তিন শিশু মারা যায়। এক শিক্ষক ও ১৭টি শিশুকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক অনীক সাহা বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফকির মনিরুজ্জামান বলেন, ডোম না থাকায় আজ (গতকাল) মৃত ওই তিন শিশুর ময়নাতদন্ত হচ্ছে না।
মাদ্রাসার বাবুর্চি ওমেদ আলী মোল্যা বলেন, বুধবার স্থানীয় বিল থেকে শাপলা তুলে সন্ধ্যায় শাপলা ও পটোলের তরকারি রান্না করা হয়। ছেলেরা রাত ১০টার দিকে খাবার খায়।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, মৃত শিশুদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল দেওয়া হবে। অসুস্থদের জন্য যাবতীয় খরচ প্রশাসন বহন করবে।