নড়াইলে লকডাউন বাড়ল, বিনা কাজে বাইরে যেতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলায় লকডাউন চলছে।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় নড়াইল জেলায় লকডাউন আরও তিন দিন বাড়ানো হলো। গতকাল রোববার রাত ১২টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত তৃতীয় দফার এই লকডাউন চলবে। এ সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। গতকাল সন্ধ্যায় করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সপ্তাহে ২০ জুন রাত ১২টা থেকে ২৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন চলেছে। আগের সপ্তাহে ১২ জুন থেকে জেলার কয়েকটি এলাকায় এক সপ্তাহের লকডাউন ছিল। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত রাতে ওই লকডাউন কার্যকর ছিল।

গতকাল সন্ধ্যায় করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভায় কমিটির সদস্যসচিব সিভিল সার্জন নাছিমা আকতারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর রাতে এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সব জায়গায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল, মুদি দোকান ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মাছের বাজার ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু পার্সেল বা প্যাকেট আকারে বিক্রি করা যাবে। কোনো অবস্থাতেই হোটেলে বসে খাবার খাওয়া যাবে না বা চা বিক্রি করা যাবে না।

এ সময় সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট ও গরুর হাট। জেলার ভেতরে এবং আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন এবং ইজিবাইক, থ্রি-হুইলারসহ সব যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লকডাউন-সংক্রান্ত এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউন কার্যকর করতে প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলার চারজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। গত সপ্তাহের লকডাউনে ২০২টি মামলায় ২১৮ জনকে ২ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। পুলিশ সর্বত্র তৎপর আছে। লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা দেওয়া, খাদ্য বিতরণ, দাফন কার্যক্রম ও সচেতনতা সৃষ্টি করতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াড, স্কাউটস, এম টু রেসকিউ টিম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন, উদ্দীপ্ত তরুণ, ইয়াং অর্গানাইজেশন, চলো পাল্টাই, প্রাণের শহর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল ব্লাড ব্যাংকসহ আরও কয়েকটি সংগঠন কাজ করছে।

গত দুই সপ্তাহ লকডাউনের পরও করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সপ্তাহের পাঁচ দিনই সংক্রমণের হার ৩৪ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ওঠানামা করেছে। আগের সপ্তাহ থেকে গত সপ্তাহে শনাক্তের সংখ্যাও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে নড়াইল সদর হাসপাতালের ২০ শয্যার করোনা ইউনিট ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, ‘গত এক সপ্তাহ কঠোর লকডাউন হয়েছে। এখন মানুষকে ঘরে রাখতে হবে। তাহলে ২১ দিন পর ফল পাওয়া যাবে। এ ছাড়া মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও জনসমাগম এড়িয়ে চললে সংক্রমণ কমবে।’