নড়াইলে লকডাউনের এলাকা ও সময়ে পরিবর্তন
নড়াইল জেলায় করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের এলাকা ও সময়ে পরিবর্তন আনা হয়েছে। গতকাল শনিবার বিকেলে করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভায় ওই পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
ওই সভার পর শনিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। সংশোধিত গণবিজ্ঞতিতে জানানো হয়, নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা, আলাদাতপুর ও মহিষখোলা, নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজার এবং লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় ১৯ জুন পর্যন্ত এক সপ্তাহের এ লকডাউন থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় লকডাউন কার্যকর থাকবে।
এর আগে শুক্রবার রাতে এক গণবিজ্ঞতিতে নড়াইল পৌরসভা, নড়াইল সদর উপজেলার কলোড়া ও সিঙ্গাশোলপুর ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকা লকডাউনের আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে বলে বলা হয়েছিল।
সংশোধিত গণবিজ্ঞতিতে আরও জানানো হয়, এসব এলাকায় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না আবার কেউ বাইরেও যেতে পারবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন নাসিমা আক্তার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক লকডাউনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত এলাকায় কোভিড রোগীর প্রকোপ বেশি থাকায় শুধু এসব এলাকায় লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটি। এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।