নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পূজা উদ্যাপন পরিষদের ক্ষোভ
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এমন ঘটনা সংঘটিত হওয়া আরও বেশি উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হৃদয় মণ্ডল, আমোদিনী পাল, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষকদের কথিত ধর্ম অবমাননার দায়ে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে আরও দায়িত্বশীল কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয় বিবৃতিতে।