নড়াইলে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তি চায় উদীচী
নড়াইলের কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে এ ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করারও দাবি করেছে সংগঠনটি। আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানায় উদীচী।
উদীচীর সভাপতি বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বিবৃতিতে বলেন, গণমাধ্যমের অনুসন্ধানে সুস্পষ্টভাবে উঠে এসেছে যে নড়াইলের ওই কলেজে শিক্ষক লাঞ্ছনার পেছনে শুধু ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগই কারণ নয়, কলেজটিতে কিছুদিন আগে অবৈধভাবে কয়েকজনকে নিয়োগের বিরোধিতা করেন স্বপন কুমার বিশ্বাস। এর পর থেকেই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের রোষানলে পড়েন তিনি। পরবর্তী সময়ে কলেজের এক ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একদল মানুষ কলেজে হামলা করলে তিনি কলেজের নিরাপত্তা রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবেই সহায়তা চেয়ে পুলিশকে ফোন করেন। এ ঘটনাকেই অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন এবং স্বপন কুমার বিশ্বাসও ধর্ম অবমাননা করেছেন বলে গুজব রটিয়ে মানুষকে উত্তেজিত করে তোলা হয়। পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতেই অধ্যক্ষসহ তিনজনের গলায় জুতার মালা পরিয়ে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশের ভ্যানে তোলা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট বোঝা যায়।
বিবৃতিতে বলা হয়, প্রায় আট ঘণ্টা ধরে কলেজ ক্যাম্পাসে তাণ্ডব চালানো হলেও তা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। শুধু তা-ই নয়, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নিরাপত্তা না দিয়ে উল্টো তাঁকে অসম্মানিত করার পূর্ণ সুযোগ করে দিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। কেননা, তাঁদের উপস্থিতিতেই বিনা বাধায় ওই শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়।
বিবৃতিদাতারা বলেন, অতীতে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, নওগাঁর আমোদিনী পাল বা মুন্সিগঞ্জের হৃদয় চন্দ্র মণ্ডলকে হেনস্তা ও হয়রানির ঘটনার কোনো সুষ্ঠু বিচার না হওয়ার ফলেই বারবার শিক্ষকদের লাঞ্ছনার এমন ঘটনা ঘটছে।
নড়াইলে শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচার না হলে প্রগতিশীল সংগঠন ও শিক্ষক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে উদীচী দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে বলেও বিবৃতিতে জানানো হয়।