নড়াইলে হত্যা মামলায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড, আরেক ভাইয়ের যাবজ্জীবন
নড়াইল সদর উপজেলায় কিশোর রেজাউল মোল্লাকে হত্যার দায়ে এক ভাইকে মৃত্যুদণ্ড ও আরেক ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. বাছের আলী মোল্লা ও আমৃত্যু যাবজ্জীবনে দণ্ডিত মো. কামাল মোল্লাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন।
নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জিয়াউর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
নিহত কিশোর রেজাউল মোল্লা নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাবুল মোল্লার ছেলে।
পেশায় কৃষক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. বাছের আলী মোল্লা ও আমৃত্যু যাবজ্জীবনে দণ্ডিত মো. কামাল মোল্লা যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে। মামলায় ওই ভাই আসামি ছিলেন। আগে থেকেই আটক ছিলেন তাঁরা। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, কিশোর রেজাউলের (১৫) বিধবা ফুফু রোকেয়া বেগমকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বাছের আলী মোল্লা। রেজাউল এ নিয়ে বাছেরকে তাঁদের বাড়িতে আসতেও উত্ত্যক্ত করতে নিষেধ করত। ২০১৯ সালের ২৬ জুন রাত আটটার দিকে বাছের ও কামাল রেজাউলদের বাড়িতে যান। ওই সময় রেজাউলকে পাশের বাড়ির উঠানে নিয়ে দুই ভাই লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আশপাশের লোকজন চিৎকার করলে তাঁরা পালিয়ে যান। পরে রেজাউলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সে মারা যায়। এ ঘটনায় রেজাউলের বাবা মো. বাবুল মোল্লা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।