নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
নড়াইলের কালিয়া উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম আবদুর রউফ মোল্লা (৬২)। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
গতকাল মঙ্গলবার বিকেলে অভিযুক্ত রউফ মোল্লাকে আটক করা হয়। নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে গতকাল রাতে কালিয়া থানায় মামলা করলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির পাশে শিশুটি খেলছিল। রউফ মোল্লা শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে শিশুটিকে হুমকি দেওয়া হয়।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর শিশুটিকে জিজ্ঞাসা করলে সে তার মাকে সব ঘটনা বলে। এরপর গতকাল দুপুরে শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ করেন। রাতে এ ঘটনায় মামলা হয়।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমানউল্লাহ আল বারী বলেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত আবদুর রউফ মোল্লা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তবে কী কারণে এই ষড়যন্ত্র করা হয়েছে—সেটি বলতে পারেননি তিনি। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। আর নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে।