নড়াচড়া বন্ধ হয়ে গেল শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর আগেই নবজাতকটিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক। ‘মৃত’ শিশুটিকে মায়ের কাছে আনার পর তিনি দেখলেন তাঁর সন্তান নড়াচড়া করছে। পরে শিশুটিকে ভর্তি করা হয় অন্য হাসপাতালে। কিন্তু গতকাল বুধবার শিশুটির নড়াচড়া চিরতরে বন্ধ হয়ে গেল। মৃত ঘোষণার ৩৪ ঘণ্টা পর মারা গেল সে।

জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার এ ঘটনা ঘটেছিল চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর)। সোমবার দিবাগত রাত একটার দিকে শিশুটির জন্ম হয়। এর দুই ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন সিএসসিআরের চিকিৎসকেরা। পরে শিশুটিকে নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বেলা দেড়টার দিকে ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বসুবন্ধু বড়ুয়া নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নির্দিষ্ট সময়ের আগেই (২৭ সপ্তাহ) জন্ম নিয়েছিল শিশুটি। তার ওজন ছিল ৫০০ গ্রাম।

নবজাতকটির মৃত্যুর জন্য বিলম্বে চিকিৎসা পাওয়া, অপরিপক্ব ও ওজন কম হওয়াকে দায়ী করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার সে সত্যি সত্যি মারা গেল। নবজাতকটির মৃত্যুর জন্য বিলম্বে চিকিৎসা পাওয়াটা মূলত দায়ী। যদি সোমবার রাতে তাকে মৃত ঘোষণা না করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যেত, তাহলে বেঁচেও যেতে পারত। তবে প্রিম্যাচিউর (অপরিপক্ব) শিশুদের বাঁচানোও কষ্টকর। কিন্তু একটা সম্ভাবনা থাকত বাঁচানোর।’

গতকাল বেলা তিনটার দিকে ম্যাক্স হাসপাতালে গিয়ে দেখা যায়, সাদা কাপড়ে মোড়ানো মৃত কন্যাসন্তানকে বুকে জড়িয়ে ধীর পদক্ষেপে এগিয়ে চলছেন মা রিদোয়ানা কাউসার। বাবা নুরুল আজম স্ত্রী ও সন্তানকে আগলে হাঁটছেন। প্রথম সন্তানকে হারানোর বেদনায় দুজনের চোখই ছিল ছলছল।

সন্তানের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চিকিৎসক দম্পতি রিদোয়ানা কাউসার ও নুরুল আজম। রিদোয়ানার ভাই রিফাদ সিদ্দিক বলেন, ‘এ ধরনের দায়িত্ব অবহেলার জন্য শাস্তি হওয়া উচিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নিজেরা কোনো মামলা করব কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি।’

এদিকে সিএসসিআর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ জানান, এ ঘটনায় দুই চিকিৎসককে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটি গঠন: জীবিত নবজাতককে মৃত ঘোষণার ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গতকাল সকালে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. শাহআলমকে। কমিটির অপর দুই সদস্য হলেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী শাহেদুল ইসলাম। কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানান, কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর ভিডিও কনফারেন্সে কথা হয়। ওই সময় তিনি ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন।