নড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলার মানিচত্র

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজনগর ইউনিয়নের পুনাইখাঁর কান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় ২৫টি বসতঘর ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ওই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সজিব(৩৫), করিম(৩৩), বাদশা(২৮), নুরুল হক(৪০) ও গিয়াস উদ্দিনকে (২৯) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ব্যক্তিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়ার রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুলতান মাদবর ও ব্যবসায়ী টিপু সুলতান মাদবর আওয়ামী লীগের সমর্থক। আগামী ইউপি নির্বাচনে দুজনেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাঁদের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করার জন্য নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন দুই পক্ষকে নিয়ে সম্প্রতি সমঝোতা বৈঠকও করেছেন।

আজ সকালে টিপু সুলতানের সমর্থক জলিল মাদবরকে মারধর করেন সুলতান মাদবরের সমর্থকেরা। এ নিয়ে বেলা দুইটার দিকে দুই পক্ষর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে নড়িয়া ও জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টিপু সুলতান মাদবর বলেন, ‘আমি আগামী ইউপি নির্বাচনে  প্রার্থী হতে চাই। এটা মানতে পারছে না সুলতান মাদবর। তার সমর্থকেরা নানাভাবে আমার কর্মী– সমর্থকদের অত্যাচার করছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত থেকে কয়েক দিন আগে বিরোধের বিষয়টি মীমাংসা করে দেন। আমি তা মেনে নিই। আমার লোকজন ঢাকাসহ বিভিন্ন স্থানে জীবিকার উদ্দেশ্যে চলে যায়। এই সুযোগে আজ ভোর থেকে সুলতান মাদবর ও তার সমর্থকেরা আমার সমর্থকদের বাড়িসহ আমার বাড়িতে হামলা চালায়। তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে।’

সুলতান মাদবর মুঠোফোন প্রথম আলোকে বলেন, ‘আমার ১০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার কাজে ব্যস্ত আছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানাতে পারব।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান বলেন, রাজনগর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাজিরা, সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত রোগীদের ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।