নড়িয়ায় নদীর তীর রক্ষা বাঁধের ব্লক চাপা পড়ে শ্রমিক নিহত
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে কাজ করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তীর রক্ষা বাঁধের কাজে ব্যবহৃত কংক্রিটের তৈরি ব্লকের নিচে চাপা পড়ে আজ শনিবার সকালে রবিউল ইসলাম (২৬) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার খালিশচাপানি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নড়িয়ার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে পদ্মা নদীর বাঁ তীর রক্ষা প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের চরআত্রা ঘাটে কংক্রিটের তৈরি ব্লক বসানো হচ্ছে। সেখানে শ্রমিকের কাজ করছিলেন রবিউল ইসলাম। শনিবার সকালে মাহিন্দ্র গাড়িতে করে ব্লক নিয়ে নদীর তীরে যান চালক। তখন মাহিন্দ্র থেকে হাইড্রোলিক যন্ত্রের মাধ্যমে ব্লক নামানো হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্লক নামানোর মাঝপথে মাহিন্দ্রর হাইড্রোলিকে ত্রুটি দেখা দেয়। তখন রবিউল এগিয়ে এসে তা দেখতে যান। তখন হাইড্রোলিক ভেঙে মাহিন্দ্রতে থাকা ব্লক তার শরীরে পরে যায়। ব্লকের নিচে চাপা পরেন রবিউল। অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে আসেন। এরপর বেরা ১১টার দিকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউলের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ২৩ জনের একটি দল গত ১০ দিন যাবৎ ব্লক বসানোর কাজ করছিলাম। শনিবার সকালে মাহিন্দ্র গাড়ির হাইড্রোলিক ভেঙে ব্লকের নিচে চাপা পরে রবিউল। মাহিন্দ্র গাড়িটি আগে থেকেই ত্রুটি ছিল। এভাবে সে মারা যাবে তা আমরা বুঝতেও পারিনি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু দুঃখজনক। ঘটনাটি তদন্ত করা হবে। কারও কোনো গাফিলতি ছিল কি না, তা ক্ষতিয়ে দেখা হব। নিহত শ্রমিকের পরিবার যাতে সহায়তা পায় তা দেখা হবে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, নদীর তীর রক্ষা বাঁধে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাটি জানতে পুলিশ কাজ করছে। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।