নয় বছরেও সেতু নির্মাণ শেষ হয়নি
ঢাকা-মুন্সিগঞ্জ-লৌহজং-মাওয়া সড়কের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ঋষিপাড়ায় টঙ্গিবাড়ী খালের ওপর নির্মাণাধীন সেতু ও সংযোগ সড়কের কাজ দীর্ঘ নয় বছরেও শেষ হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, ২০০৫ সালে তিন কোটি ১৪ লাখ টাকায় ৭৪ দশমিক ৪৫ মিটার আরসিসি সেতু ও এর দুই পাশের ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সয়েল অ্যান্ড আটা ট্রেডার্স। এরপর তারা সেতুর দুটি খুঁটি নির্মাণ করে প্রায় এক কোটি টাকা বিল নিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্বিতীয় দফায় সোয়া তিন কোটি টাকায় পারিশা ট্রেড সেন্টারকে কার্যাদেশ দেওয়া হয়। তারাও দুটি খুঁটিসহ কিছু নির্মাণকাজ করে এক কোটি ৬০ লাখ বিল করে। এরপর এর কোটি ১৭ লাখ টাকা বিল নিয়ে তারাও কাজটি বন্ধ করে দেয়।
সর্বশেষ তৃতীয় দফায় গত ২০১২ সালের মে মাসে দুই কোটি ৯৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। পরবর্তী সময়ে সংশোধন আকারে এর ব্যায় সোয়া তিন কোটি টাকা করা হয়। জাহের ট্রেডার্সের মাধ্যমে কাজটি পান কুমিল্লার রবিউল ইসলাম পান। ওই বছরের ২০ মে থেকে ২৭০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু সে সময় পার হয়ে যাওয়ার পর তারা আবার আবেদন করে ১৯২ দিন সময় বর্ধিত করে। সেই সময়েও ব্যর্থ হলে তারা আবার ১৮৬ দিন সময় বৃদ্ধি করে। কিন্তু তারা কাজ সম্পন্ন করতে পারেনি। এরপর তারা যোগাযোগ মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে চলতি বছরের ২০ জুনের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে বলে অনুমতি নেয়। সে সময়ও অতিক্রম হয়ে গেছে। কিন্তু সেতুর কাজ ও এর সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি।
প্রথম ঠিকাদার সয়েল এ্যান্ড আটা ট্রেডার্সের মালিক রমিজউদ্দিন বলেন, ‘আমরা কাজ শুরু করেছিলাম ঠিকমতোই। কিন্তু কাজের বিল ঠিকমতো পেলে আমরাই সেতুটি সঠিক সময়ে শেষ করতে পারতাম।’ ঠিকাদার রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সওজ মুন্সিগঞ্জ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, বর্তমান ঠিকাদারও কয়েক দফা সময় বৃদ্ধি করে কাজ শেষ করতে পারছেন না। ঠিকাদারদের কারণে সেতুর খরচ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।