নয় বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ধর্ষণ
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবদুর রাজ্জাককে (৩০) ধরে পুলিশে দিয়েছেন। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনেরা বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশু প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে নলকূপের পানি খেতে যায়। শিশুটি নলকূপের হাতল চেপে পানি খাওয়ার সময় ওই বাড়ির মালিক আবু তাহেরের বখাটে ছেলে আবদুর রাজ্জাক ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

এ সময় স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের পক্ষে স্থানীয় ভাগনদি পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। লোকজনের হাতে আটক আবদুর রাজ্জাককে দুপুরে থানায় হস্তান্তর করা হয়। ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আবদুর রাজ্জাক স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তিনি বিয়ে করেননি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নারীদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরনের বখাটেপনার অভিযোগ রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে মুঠোফোনে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ঘটনা জানার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এই ধরনের জঘন্যতম কাজের জন্য ছাড় দেওয়া হবে না।