নয়নজুলির কালো জলে দুর্গন্ধ, জলাবদ্ধতা

আশুলিয়ার ইয়ারপুরে নয়নজুলি খাল দখল ও ভরাটে সরু হয়ে গেছে। বিভিন্ন কারখানার ময়লাযুক্ত পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ঢুকছে বসতবাড়িতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতবাড়ির পাশে জমে আছে ময়লাযুক্ত পানি। ঘরের বাইরে বের হলে চলতে হয় সাঁকো দিয়ে। গতকাল সাভারের বেরন এলাকায়
ছবি: প্রথম আলো

সোনা মিয়ার বাড়ি সাভারের ইয়ারপুরের বেরন এলাকায়। মাঝেমধ্যেই রাতে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ময়লাযুক্ত পানি দেখতে পান। কারণ, এলাকার নয়নজুলি খাল দখল, ভরাটে সংকীর্ণ হয়ে গেছে। ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে সোনা মিয়ার বসতবাড়িতে।

এমন দুর্ভোগে আছেন বেরন এলাকার প্রায় ২০ হাজার বাসিন্দা। সোনা মিয়া বলেন, ‘পচা পানি দেইখা ভাড়াটিয়া গেছেগা। বাড়ির ময়লা পানি বাইর করনের লিগা দুইডা পাইপ লাগাইছিলাম। অহন উল্টা ওই পাইপ দিয়া ময়লা পানি বাড়িতে ঢুকে।’

গতকাল শুক্রবার বেরন এলাকায় সোনা মিয়ার সঙ্গে কথা হয় তাঁর বাড়ির পাশে তৈরি করা একটি বাঁশের সাঁকোর ওপর দাঁড়িয়ে। চলাচলের পথেও ময়লাযুক্ত পানি থাকায় এই সাঁকো তৈরি করেছেন তিনি। পানি যাতে ঘরের ভেতর না ঢোকে, সে জন্য বাড়ির মূল ফটকের নিচের অংশ ইট-সিমেন্ট দিয়ে উঁচু করা। সোনা মিয়া বলেন, এরপরও মাঝেমধ্যে খালের পানি ঘরে চলে যায়।

নয়নজুলি খালের বিভিন্ন স্থান দখল হয়ে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবন গড়ে উঠেছে। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, ১৫ থেকে ২০ বছর আগেও খালটি বেশ প্রশস্ত ছিল। ধীরে ধীরে বিভিন্ন অংশ দখলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হলেও পরে আবার সেগুলো গড়ে তোলা হয়েছে। এতে খালটি হয়েছে সরু নালার মতো।

বেরন এলাকার সোনা মিয়া, দেলোয়ারা বেগম ও আবদুল লতিফ বলেন, আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়াসহ বেশ কয়েকটি এলাকার শতাধিক ছোট ও বড় শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনের ময়লাযুক্ত পানি এ খাল হয়ে তুরাগ নদে গিয়ে পড়ে। কিন্তু খালটি সংকীর্ণ হওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বাসাবাড়ির পাশাপাশি মূল সড়কে গিয়ে জমে থাকে। দ্রুত খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ খাল খনন করা না হলে বর্ষা এলে এ সমস্যা আরও প্রকট হবে।

ময়লা দুর্গন্ধযুক্ত কালচে রঙের পানির খালের ওপর কাঠের সাঁকোর ওপর দাঁড়িয়ে ছিলেন দেলোয়ারা বেগম। প্রায় ১৪ বছর ধরে তিনি পরিবার নিয়ে এক ভাড়া বাসায় থাকেন। বলেন, আগে এত বেশি খারাপ অবস্থা ছিল না। তিন-চার বছর ধরে সমস্যা বেড়েছে।

এমন পরিস্থিতির কারণে ভাড়া বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিউলি আক্তার নামের এক নারী। তিনি বলেন, এ অবস্থার মধ্যে থাকা যায় নাকি। সব ভাড়াটে আস্তে আস্তে চলে যাচ্ছে।

ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভূঁইয়া বলেন, এটি কোনো ছোট বিষয় নয়। খুবই বড় সমস্যা। তাঁর একার পক্ষে উদ্যোগ নিয়ে দুর্ভোগ লাঘবে কিছুই করা সম্ভব নয়। সরকারিভাবে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি শুনেছেন।

এ বিষয়ে কথা হয় সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, যখনই প্রয়োজন দেখা দিচ্ছে, স্থানীয়ভাবে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। স্থায়ী সমাধানেও পদক্ষেপ নেওয়া হবে। সে ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।